নওগাঁর মহাদেবপুরে কাউছার আলী সরদার (২৫) নামে ছাত্রলীগের এক নেতা ছুরিকাহত হয়েছেন। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রোববার (১৩ সেপ্টেম্বর) কাউছারের পিতা এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা সদরের হঠাৎপাড়ার অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম মুন্সির ছেলে মাসুদ বিল্লাহকে (৩৮) আসামি করে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয় যে, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় কালুশহর মোড়ে মোস্তফার ওষুধের দোকানের সামনে মাসুদ কাউছারকে চড়-থাপ্পর, কিল-ঘুঁষি মারতে থাকে। একপর্যায়ে চাকু দিয়ে কাউছারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আহত কাউছারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার পর ছুরিকাহত কাউছার ও প্রতিপক্ষ মাসুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি থেকে ভাইরাল হয়। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। অনেকেই এর বিচার দাবি করেছেন। কেউ কেউ বলেছেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ কলহের জের।