নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত সাইকেল আরোহী অনিল রবিদাস (৩৫) পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরী পাড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সাপাহার সদরে আসার জন্য ওই দিন সকালে অনিল রবিদাস বাড়ি থেকে বের হয়ে সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া মোড়ের গোলাম রাব্বানীর সারের দোকানের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী’র জিম্মায় রেখে আহত অনিল রবিদাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ অনিলকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘাতক চালক কে আটক ও মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করেছে।
ঘাতক ট্রাক্টর চালক উপজেলার মানিকুড়া উত্তর পাড়ার আবুলের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।