ভৈরবে বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিম। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর শহরের কেবি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় মিলন মিয়া নামের ব্যক্তি মারা যান। তাঁর বয়স ৫৫ বছর। পরিবারের সদস্যরা জানায় এক সপ্তাহের সময় ধরে তিনি জ্বরে ভুগছিলেন। করোনা সন্দেহ হলেও পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়নি। এই অবস্থায় ভোর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং সকাল সাতটার দিকে মারা যান।
উপসর্গ নিয়ে ভোর চারটায় মারা যান পৌর শহরের জগন্নাথপুর এলাকার গাজী আব্দুল ওয়াদুদ নামের এক ব্যক্তি। ভোর তিনটার দিকে শ্বাসকষ্ট শুরু হয় এবং এক ঘণ্টার ব্যবধানে তিনি মারা যান।
সকাল আটটার দিকে উপসর্গ নিয়ে মারা যান মাও.সাদেক হোসেন নূরী নামের আরও একজন। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পুর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনিও এক সপ্তাহের অধিক সময় ধরে জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ভৈরবের পরিস্থিতি ভালো না। চেষ্টা করেও জীবনযাত্রায় স্বাস্থ্যবিধি অনুসরণ করিয়ে চলতে অভ্যস্ত করে তুলতে না পারায় সমস্যাটি বড় হচ্ছে। বিশেষ করে ঈদের পর থেকে ভৈরবে সংক্রমণ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে।
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান, ভৈরবে বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিম।
আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ০১৭২৪৯৯৪৫৮৫