চিরিরবন্দরে চকলেটের প্রলোভন দেখিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে এক সন্তানের জনক রফিকুল ইসলাম তাইয়া (৩০) নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসি।
চিরিরবন্দর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ রবিবার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের বাবলু রহমানের ২য় ছেলে বেলতলী বাজারের স্কুল সংলগ্ন মুদি দোকানদার রফিকুল ইসলাম তাইয়া দুপুর ১ টায় প্রথম শ্রেণির স্কুল ছুটির পর ওই শিশুটিকে (৫) চকলেটের প্রলোভন দেখিয়ে তার দোকানের ভিতর নিয়ে লুকিয়ে রেখে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের হাতে দেয় এবং অভিযুক্তকে আটক করে।
প্রত্যক্ষদর্শি বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হাফিজুল ইসলাম জানান, বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে ওই যুবককে পুলিশে সোপর্দ করে।
ঘটনা অনুসন্ধানে জানা গেছে, বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী স্কুল ছুটির পরে ওই স্কুলের পাশে স্থানীয় মুদি দোকানদার রফিকুল ইসলামের কাছে খাবার কিনতে যায়। দোকানদার রফিকুল সে সুযোগে সু-কৌশলে ওই ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকনের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তার সহপাঠীরা ওই দোকানে একই সময় খাবার কিনতে গেলে ওই ছাত্রীকে দোকানের ভেতরে পড়ে থাকতে দেখে। পরে তারা ছুটে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে এলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, অপহরণপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে নারী শিশু নির্যাতন আইনে ২০০০ সালের সংশোধনী ২০০৩ সালের ৭/৯(৪) (খ) ধারায় রাতে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৬। ইতিপূর্বে ওই যুবকের বিরুদ্ধে একই ধরনের আরো ৩ টি অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা হয়েছিল।